1
1
বাবরি মসজিদ ইস্যুকে হাতিয়ার করে মুসলিমদের ধর্মীয় আবেগে প্রভাব ফেলেই নির্বাচনী বৈতরণী পার হতে চেয়েছিল হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি—এমনই অভিযোগ উঠছে রাজনৈতিক মহলে। কিন্তু সেই দলেরই পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নির্বাচনী প্রচারে দেখা গেল রাধা-কৃষ্ণের নৃত্য পরিবেশন। আর এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক বিতর্ক।
প্রশ্ন উঠছে, হুমায়ুন কবিরের বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসার পর কি সংখ্যালঘু ভোটব্যাঙ্কের সমর্থন কমতে শুরু করেছে? সেই কারণেই কি এবার সংখ্যাগুরু ভোটারদের মন জয়ের লক্ষ্যেই প্রচারে রাধা-কৃষ্ণের সাংস্কৃতিক উপস্থাপনা? তবে কি রাজনৈতিক কৌশলে দিশেহারা হয়ে পড়েছে আম জনতা উন্নয়ন পার্টি?
শুক্রবার পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হায়দার আলী মণ্ডলের সমর্থনে একটি রোড শো-এর আয়োজন করা হয়। পলশুণ্ডা দিঘির ধার থেকে শুরু হয়ে বার্নিয়া মোড় পর্যন্ত ওই রোড শো এগিয়ে যায়। তবে চোখে পড়ার মতো ভিড় না থাকলেও, কর্মী-সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই প্রচারে বিশেষ আকর্ষণ ছিল রাধা-কৃষ্ণ সেজে নৃত্য পরিবেশন।
এই ঘটনাকেই কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে—নির্বাচনী কৌশলে কি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই ছবি?