1
1
বিধানসভা নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ১০ বছরের পুরনো একটি ভিডিওকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে চাপড়া এলাকায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি কর্মীসভায় বক্তব্য রাখছেন চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুকদেব ব্রহ্ম। অভিযোগ, সেখানে বন্দুকের ভয় দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার কথা বলা হয়েছে। তবে এই ভিডিওর সত্যতা ও প্রাসঙ্গিকতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং প্রায় দশ বছর আগের পুরনো ফুটেজ। ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের শীতকালীন পোশাক থেকেও সেই সময়কাল সম্পর্কে ইঙ্গিত মিলছে। এদিকে শুকদেব ব্রহ্ম নিজে এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছেন। তাঁর দাবি, ভিডিওতে দৃশ্য বাস্তব হলেও, বক্তব্যটি সম্পূর্ণ বিকৃত এবং এডিট করে বসানো হয়েছে।
শুকদেব ব্রহ্মের আরও দাবি রাজনৈতিকভাবে হেয় করার জন্যই পরিকল্পিতভাবে এই পুরনো ভিডিও এখন ছড়ানো হচ্ছে। প্রযুক্তির অপব্যবহার করে বক্তব্য বিকৃত করা হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনকে সামনে রেখে এ ধরনের ভিডিও ভাইরাল হওয়া নতুন কিছু নয়। প্রায়শই পুরনো বা বিকৃত কনটেন্ট ব্যবহার করে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হয়।
যদিও এই ভাইরাল ভিডিও নিয়েই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিরোধী শিবির। শাসক দলের সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছেন তারা। নির্বাচন কমিশনকেও অভিযোগ জানানো হয়েছে।